শাহরাস্তিতে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতী বাজারে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জাকের পার্টির চাঁদপুর দক্ষিণ জেলার সভাপতি কাজী মাহাবুবুর রহমান বলেন, মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর সেই কালেমা পাওয়ার পথ তৈরি হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসের পাশাপাশি মহানবীকে রহমাতুল্লিল আলামিন হিসেবে বিশ্বাস ও ভালোবাসা মুসলমানদের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। তাই ঈদে মিলাদুন্নবীকে অস্বীকার করার সুযোগ নেই।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্যের প্রসঙ্গ টেনে কাজী মাহাবুবুর রহমান প্রশ্ন করেন, একজন সেনাপ্রধান হিসেবে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে কিভাবে কোনো বক্তব্য করেন?
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের চাঁদপুর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মারুফ হাসান আরবসহ জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।