রূপান্তর
ফকির রাজু
মৃত্যু, আমি তোমাকে মোটেও সন্মান করি না;
কারণ তুমি আসবে।
অনাকাঙ্ক্ষিত ভিখারির থালা নিয়ে আসবে।
মৃত্যু, আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না;
যখন আমার, তোমার প্রয়োজন –
তখন তুমি অনেক দূরে চলে যাও।
আমি জানি, তুমি আসবে,
যখন আমি জীবনকে নিয়ে সুন্দর সময় কাটাব, ঠিক তখন।
মৃত্যু, আমি তোমাকে মোটেও ভয় পাই না;
আমার যখন প্রয়োজন-
তুমি আমার প্রয়োজন নিয়ে খেলেছো।
আমি জানি, তুমি আসবে,
আমার গোছানো সময়গুলো কেটে টুকরো টুকরো করতে।
আমি তোমাকে ঘৃণা করি;
তুমি আমাকে গিনিপিগের মতো –
মৃত্যু, জানি তুমি আসবে;
কিন্তু আমার কিছুই করতে পারবে না
আমি আমার লক্ষ্যেই থাকবো।
আমি আমার শেষ রক্ত-মাংস দিয়ে
উর্বর করবো এ পৃথিবী;
আমি আমার আত্মা অথবা শক্তি দিয়ে
সৃষ্টি করবো নতুন জীবন।
মৃত্যু, তুমি কি জানো?
শক্তির কখনো মৃত্যু হয় না।
আমি আমার ভিতরের সমস্ত শক্তি
রূপান্তরিত করে সৃষ্টি করবো একটি গাছ;
শত শত বছর তোমার সাথে যুদ্ধ করবে,
সেবা করবে পৃথিবী ও মানুষের।