চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই মাসে ২৫টি ট্রান্সফর্মার চুরির ঘটনায় মামলা না করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ কআগামী ৮ সেপ্টেম্বর ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে নিষ্ক্রিয়তার বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আদালত থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর আমলী আদালতের বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফর্মার চুরির হিড়িক’ শিরোনামের সংবাদ আমলে নিয়ে চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
নির্দেশের পর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আদালতে প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, মতলব উত্তর থানার বিভিন্ন এলাকায় সংঘটিত প্রতিটি ট্রান্সফর্মার চুরির ঘটনায় মামলা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছিল। তবে আদালতের আদেশের আগ পর্যন্ত ২২টি পৃথক চুরির ঘটনায় কোনো মামলা করা হয়নি।
বিষয়টি নজরে আসার পর আদালত অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, বিদ্যুতের মতো জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি করা ধর্তব্য অপরাধ। এসব ঘটনায় মামলা করে চুরি প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, একের পর এক ট্রান্সফর্মার চুরি হলেও মামলা না করা এবং চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার বিষয়টি পুলিশের নিষ্ক্রিয়তার গুরুতর দৃষ্টান্ত।
এর পরিপ্রেক্ষিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নসরুল্লাহর আদালতে শোকজ করা হয়। আগামী ৮ সেপ্টেম্বর তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ আদেশ দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের একের পর এক ট্রান্সফর্মার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়ছেন সাধারণ গ্রাহকরা।