সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত পাঠদান কার্যক্রম চলছে। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৯৭ জন কোমলমতি শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বাধ্য হয়ে ওই ভবনেই নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
এলাকাবাসীর অভিযোগ, যেকোনো সময় ঝুঁকিপূর্ণ ভবনের কোনো অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শরিফ উল্লাহ সবুজ বলেন, ‘ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। কখন দুর্ঘটনার খবর আমার কানে আসে—এই আতঙ্কে থাকতে হয়।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে, বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের প্রত্যাশা, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।