নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার: জেন্ডার সংবেদনশীল গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক অধিকার ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেন্ডার সংবেদনশীল গণমাধ্যমের ভূমিকা নিয়ে নারায়ণগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় চানমারীর হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিওর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার, অক্ষয় নারী সংস্থার সভাপতি কাজল আক্তার, দৈনিক বর্তমান দেশ বাংলা.নিউজ-এর সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ দিগন্তের প্রকাশক ও সম্পাদক মোঃ রায়হান আহমেদ ভূইয়া , নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের সম্পাদক মোঃ শহীদুল্লাহ রাসেল, নারীপক্ষের প্রকল্প ব্যবস্থাপক আফসানা সেহরী, নারীপক্ষের ভলান্টিয়ার আইরিন আক্তার, সামান্তা আক্তার, অক্ষয় নারী সংস্থার পারভীন আক্তার, আমার সংবাদের জেলা প্রতিনিধি জোবেল হাসান রানেল, এনএএন টিভির ইমাম হাসান সুমনসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা।
এ কর্মশালার আয়োজন করে এনজিও প্রতিষ্ঠান নারীপক্ষ। স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের (Advantage GIZ Project) সার্বিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নারীর অধিকার, অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সমাজে ইতিবাচক ধারণা তৈরিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নারীর দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের উৎসাহিত করা হয়। পাশাপাশি নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের বাস্তব অভিজ্ঞতা, সাফল্য ও ইতিবাচক পরিবর্তনের গল্প গণমাধ্যমে তুলে ধরা, নারীদের উদ্যোগ, অর্জন ও দক্ষতাকে সম্মানজনক ও ইতিবাচকভাবে উপস্থাপন এবং নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে গণমাধ্যমের দায়িত্বের বিষয়েও আলোচনা করা হয়।
এছাড়া স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মোক্তার হোসেন বলেন, সরকারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানতে হলে সাংবাদিকদের আশ্রয় নিতে হবে কেননা তারা জানেন কখন, কোথায় এবং কী ধরনের প্রোগ্রাম হচ্ছে, যা সাধারণ মানুষ অনেক সময় জানেন না। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা যেতে পারে।
তিনি আরও বলেন, নারীর দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর সংযোগ ঘটাতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।