বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, স্থান নির্ধারণে কর্মকর্তাদের পরিদর্শন
বাবুরহাট (চাঁদপুর): চাঁদপুরের বাবুরহাট এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ফাঁড়ি স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণে বিভিন্ন সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন জেলা ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
তারা বাবুরহাট এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা করেন।
স্থানীয় গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা জোরদারেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রাথমিক উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এখন উপযুক্ত স্থান নির্ধারণ ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হলে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাবুরহাট পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ।