আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৭ জন নিহত এবং আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার খালাসের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবনের জানালার কাচ ভেঙে যায়। আগুনে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানসহ আরও ৫ থেকে ৬টি গাড়ি পুড়ে যায়।
নিহতদের মধ্যে জয়নব নামে ৫৫ বছর বয়সী এক নারীর পরিচয় জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার উড়ে গিয়ে টেইলার্সের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে আরও কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সঠিক কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।