শাহরাস্তিতে বিশেষ অভিযানে ৬ মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা ওই আসামিকে গ্রেপ্তারের ঘটনাকে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রোববার (১২ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ফারুক ওরফে কটি ফারুক (২৯) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আয়নাতলী (ধনগাজী বাড়ি) গ্রামের জহিরের ছেলে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আরিফ হোসাইন, এসআই (নিঃ) মাহবুবুল হক ও এসআই (নিঃ) খায়রুল আলম। তাঁদের সঙ্গে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ফারুকের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় ছয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাঁকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
@highlight
Oc Shahrasti জেলা প্রশাসন চাঁদপুর শাহরাস্তি উপজেলা প্রশাসন শাহরাস্তি SP Chandpur জেলা উপজেলা স্বাস্থ্য প্রশাসন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স