দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলও কাতার সফরে যাচ্ছে। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
দুই দিনের সরকারি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আগামী ১৯ আগস্ট রাতে দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের এই সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।