1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সফিপুরে প্রেমিকের ভাড়া বাসায় তরুণীর মৃত্যু, ধর্ষণ-হত্যা মামলায় যুবক গ্রেপ্তার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সফিপুরে প্রেমিকের ভাড়া বাসায় তরুণীর মৃত্যু, ধর্ষণ-হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মোঃ খাইরুল ইসলাম, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে প্রেমিকের ভাড়া বাসায় যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনায় শান্ত পাল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সফিপুর আহমদনগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (৫ অক্টোবর) নিহত তরুণীর বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (৬ অক্টোবর) গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

গ্রেপ্তার শান্ত পাল কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের সফিপুর আহমদনগর এলাকায় রাজ্জাক মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নিহত তরুণীর বড় ভাইয়ের বেয়াই।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই সম্পর্কের সূত্র ধরে রোববার সকালে তরুণী কোচিংয়ে যাওয়ার কথা বলে ময়মনসিংহের ভালুকার বাড়ি থেকে বের হন। পরে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্তর সঙ্গে তার দেখা হয়।

অভিযোগ রয়েছে, এরপর শান্ত ওই তরুণীকে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে কয়েক দফা শারীরিক সম্পর্কের পর তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, তরুণীর মৃত্যুর বিষয়টি শান্ত নিজেই মোবাইল ফোনে তার পরিবারকে জানান। পরে ওইদিন রাতে তরুণীর মরদেহ ভালুকার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মরদেহ দেখে স্বজনদের সন্দেহ হলে তারা শান্তকে আটক করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে মারধর করে ভালুকা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

পরে কালিয়াকৈর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে শান্তকে নিজেদের হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু হয়েছে।

এদিকে, মেয়েটি কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর জীবিত ফিরে না আসায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভালুকার মধ্যপাড়া বাজার এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..