শিক্ষক-শিক্ষার্থী আছে, সংকট যাতায়াতের সড়ক ও অবকাঠামোয়বসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল, গেট নির্মাণ ও মাঠ ভরাটের দাবি
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) : শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও সার্বিক শিক্ষা কার্যক্রম সন্তোষজনক হলেও যাতায়াতের বেহাল সড়ক, বাউন্ডারি ওয়াল ও প্রবেশগেটের অভাব এবং নিচু মাঠ নিয়ে অবকাঠামোগত সংকটে রয়েছে বসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পরিবেশ আরও নিরাপদ ও শিক্ষাবান্ধব করতে এসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৬ অক্টোবর) সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে বিদ্যালয়ে যাতায়াতের সড়কটি অত্যন্ত খারাপ। পাশাপাশি বিদ্যালয়ের চারপাশে বাউন্ডারি ওয়াল ও প্রবেশগেট না থাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে। নিচু মাঠটি ভরাট করা হলে শিক্ষার্থীদের খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালের ১ জানুয়ারি সরকারি করা হয়। বর্তমানে এখানে মোট শিক্ষার্থী ১০৬ জন। ছয়টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন পাঁচজন শিক্ষক। তাঁদের মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় সোমবার চারজন শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রহিমা আক্তার।
সরজমিন গিয়ে দেখা যায়, সোমবার (২৬ অক্টোবর) উপস্থিত ছিলেন, ৬৭জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৩৩ শতাংশ। সীমিত জায়গার মধ্যেই শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষকসংকট না থাকলেও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) চেয়ারম্যান মো. মনির হোসেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ভালো থাকলেও যাতায়াতের রাস্তা সংস্কার, বাউন্ডারি ওয়াল নির্মাণ, প্রবেশগেট স্থাপন এবং নিচু মাঠ ভরাটের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানের স্থান নয়; শিশুদের স্বপ্ন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গড়ে ওঠারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই বসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে বিদ্যালয়টির শিক্ষার্থীরা আরও নিরাপদ ও আনন্দময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।