1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম চরম ভোগান্তিতে নগরবাসী,

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

অবিরাম ভারী বর্ষণে কার্যত পানির নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। টানা কয়েক দিনের বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক, অলিগলি, আবাসিক এলাকা এবং ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। নিচু এলাকার অসংখ্য বাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রান্নাবান্না বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিরও মুখোমুখি হয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিচতলার বাসিন্দারা, যাদের অনেকেই ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর, পতেঙ্গা, কুয়াইশ, আকমল আলী সড়ক, হাজীপাড়া, লালদিঘির পাড়, সিঅ্যান্ডবি মোড়, পলিটেকনিক মোড়, গোলপাহাড় কাজিরহাটসহ নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যানবাহন চলাচল ব্যাহত হয়েছে, আবার অনেক স্থানে মানুষকে কোমরসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

বাকলিয়া এলাকায় বেশ কয়েকটি দোকানে পানি ঢুকে ব্যবসায়ীদের পণ্য নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। অনেক পরিবার শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্যদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে। ঘরের ভেতরে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে বসবাসও কঠিন হয়ে পড়েছে।

চকবাজার এলাকার বাসিন্দা সাগর হোসেন জানান, বৃষ্টির পানি ও ড্রেনের পানি একসঙ্গে মিশে যাওয়ায় টয়লেট ব্যবহার করা যাচ্ছে না। পানি নামছে না এবং দুর্গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে উঠেছে। তার মতে, জলাবদ্ধতার পাশাপাশি এখন স্বাস্থ্যঝুঁকিও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আগ্রাবাদের বাসিন্দা রেহানা বেগম বলেন, তাদের বাড়ির নিচতলায় কোমরসমান পানি জমেছে। রান্নাঘরেও পানি ঢুকে পড়ায় চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। ফলে পরিবারের সদস্যরা সকাল থেকে শুকনো খাবার খেয়ে সময় পার করছেন। ছোট শিশুদের নিয়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ২৩৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে আমবাগান আবহাওয়া অফিসে একই সময়ে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম