ঘাটাইলে তথ্য চেয়ে আবেদন করায় সাংবাদিককে ইউএনওর হুমকি
রিমন হোসেন,
তথ্য চেয়ে আবেদন করায় দৈনিক সমকালের টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি মাসুমের বিরুদ্ধে অফেন্সিভ মোডে যাওয়ার হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাহমাদুল হাসান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুঠোফোনে ওই সংবাদকর্মীকে এ হুমকি দেন তিনি। এ সময় তিনি বলেন, আপনি তথ্য চেয়ে আবেদন করেছেন। এটা ফাজলামি ছাড়া অন্যকিছু না। আপনি যদি অফেন্সিভ মোডে যান আমি ইউএনও অফেন্সিভ মোডে যাব। আপনি কার কথা শুনে এ কাজ করতেছেন? এটা অফেন্সিভ মোড।
এর আগে আজ সকালে তথ্য চেয়ে পৌর প্রশাসকের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করেন মাসুম মিয়া। আবেদনে তিনি ঘাটাইল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে মোট কত টাকা পৌর কর আদায় এবং কোন কোন খাতে তা ব্যয়, সাব রেজিস্ট্রি অফিস থেকে থেকে প্রাপ্ত (ওয়ান পার্সেন্ট রাজস্ব) আয় এবং ব্যয়, হাট-বাজার থেকে খাস কালেকশন বাবদ আয় এবং ব্যয়, অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স বাবদ কত টাকা আয় এবং ব্যয়ের বিষয়টি জানতে চান।