চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পেট্রলবোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, মধ্যরাতে কয়েকজন ব্যক্তি নওফেলের বাসভবন লক্ষ্য করে পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়ে মারে। এতে বাসভবনে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত দুই বছরে কয়েক দফায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।