শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে শাহরাস্তি থানা পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন : মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল আল মামুন (৪৫), মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান (৫০), শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন (৫০), আওয়ামী লীগের সদস্য মোঃ রিপন হোসেন (৩৭), মোঃ জসিম উদ্দিন (৪৯) এবং চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম (৫৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।