শিক্ষানুরাগী ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে চেড়িয়ারা কলেজ, উপজেলায় দ্বিতীয়

শিক্ষার্থীদের সাফল্যে নিয়মিত খোঁজখবর, মেধাবীদের সহযোগিতা; রাগৈ উচ্চ বিদ্যালয়ে ৩ লাখ ও রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১ লাখ টাকা অনুদান

মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে :

শিক্ষার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত অগ্রগতিতে ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে প্রশংসিত হচ্ছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। তাঁর পৃষ্ঠপোষকতায় শোরসাকে অবস্থিত ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুন্নবী রাউত।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজ শাখার প্রধান পৃষ্ঠপোষক ইকবাল হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে কলেজটির উন্নয়ন ও পরিচালনায় আর্থিক সহযোগিতা করে আসছেন। তাঁর শিক্ষা-অনুরাগ, আন্তরিকতা ও সহযোগিতা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬২ দশমিক ৩২ শতাংশ। প্রকাশিত ফলাফলভিত্তিক সংবাদ অনুযায়ী, শাহরাস্তি উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটি গত দুই বছর উপজেলায় প্রথম স্থান অর্জন করেন।

এ ছাড়া ২০২৫ সালে প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ১২তম এবং অপর একজন সাধারণ গ্রেডে ১০১তম স্থান অর্জন করে বৃত্তি লাভ করেছে বলে জানিয়েছেন সাবেক অভিভাবক সদস্য নুরুন্নবী রাউত।
শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইকবাল হোসেন। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে বিদ্যালয়টিকে তিন লাখ টাকা অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন নুরুন্নবী রাউত। তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও তিনি এক লাখ টাকা অনুদান দিয়েছেন বলে জানা গেছে।

নুরুন্নবী রাউতের ভাষ্য, ইকবাল হোসেন এমন একজন দানশীল ও মানবিক মানুষ, যিনি মানুষের বিপদে-আপদে সাধ্যমতো পাশে দাঁড়ান। তাঁর কাছে সহযোগিতা চেয়ে কেউ খালি হাতে ফিরে আসেননি—এমনটাই তাঁর অভিজ্ঞতা।

চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। প্রতিষ্ঠানটির যেসব শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কিংবা বৃত্তি লাভ করে, তাদের নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন এগিয়ে নিতে বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন।

শিক্ষার মানোন্নয়নে একজন পৃষ্ঠপোষকের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে শুধু আর্থিক সহযোগিতাই নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক শিক্ষা উপকরণ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নুরুন্নবী রাউত আশাবাদ ব্যক্ত করে বলেন, ইকবাল হোসেন ভূঁইয়ার আন্তরিক পৃষ্ঠপোষকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একদিন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্নও বাস্তবায়িত হতে পারে।

তিনি এই শিক্ষানুরাগী সমাজসেবকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করেন – আমিন।
ধন্যবাদান্তে
মোহাম্মদ নূরুন্নবী রাউত
সাবেক অভিভাবক সদস্য, শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় কলেজ, শাহরাস্তি, চাঁদপুর