মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এক বিস্ময়কর জীবন, এখন স্বাবলম্বী মোঃ রুহুল আমিন

মোঃ রুহুল আমিনঃ

কিছু মানুষের জীবনের গল্প সত্যিই বিস্ময় জাগায়। জীবনের কঠিন সময় পেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্পগুলো আমাদের নতুন করে আশাবাদী করে তোলে।

সম্প্রতি সহকর্মী দৈনিক ইত্তেফাক-এর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গিয়ে পরিচয় হয় আমার মিতা মোঃ রুহুল আমিনের সঙ্গে। জসিম উদ্দিন ভাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন।

কথা প্রসঙ্গে তাঁর জীবনের এক বিস্ময়কর অধ্যায়ের কথা জানতে পারি। প্রায় ২০ বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার সময় একপর্যায়ে তাঁকে মৃত ভেবে দাফনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। জানাজার জন্য এলাকার মানুষ যখন সারিবদ্ধভাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে নড়েচড়ে ওঠেন রুহুল আমিন! ঘটনাটি উপস্থিত মানুষের মধ্যে বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি করে। অনেকে ঘটনাটিকে অলৌকিক বলে অভিহিত করেন। একপর্যায়ে জানাজার জন্য সমবেত মানুষজন সেখান থেকে বিদায় নেন!

সময়ের পরিক্রমায় আজ সেই রুহুল আমিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাঁর নিজের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

বাবাকে ভালো রাখতে তাঁর ছেলেরা একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছেন। সরেজমিনে দেখে মনে হয়েছে, দোকানটি বেশ পরিপাটি ও গোছানো। ভালোভাবেই চলছে তাঁর ব্যবসা। জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে পরিবারের সহযোগিতায় নিজের মতো করে বেঁচে থাকার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

রুহুল আমিনের জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের জীবনে সুসময় ও দুঃসময় আসে। তবে পরিবারের ভালোবাসা, সহযোগিতা এবং মানুষের আন্তরিকতা নতুন করে বাঁচার প্রেরণা জোগাতে পারে।

কথা শেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাঁকে সুস্থ রাখুন, দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তাঁর জীবনের প্রতিটি দিন শান্তি ও স্বস্তিতে ভরে দিন। তিনি প্রসঙ্গ টেনে বলেন, জানেন সবকিছুর পরেও একজন মানুষের জীবনে শেষ অবলম্ভন তার পরিবার। পরিবারের বাহিরে আর যা সম্পর্ক তা হলো বসন্তের কোকিলের মত!! জীবনের পরিসরে কত মানুষের সাথে মিশেছি কত মনুষের সুখ-দুখে পাশে দাঁড়িয়েছি কিন্তু আচার্য হলাম এক পরিবার ছাড়া আর কেউ আমার পাশে দাঁড়ায়নি! আজকাল তাই কাউকে বন্ধু বলে সম্মোধন করতে আমার লজ্জা হয় আমি জানিনা আপনি এদেরকে কি বলবেন?

কথা শেষে নিজের গন্তব্যের দিকে সোজা গাড়িতে চড়ে বসলাম আর মনে মনে ভাবলাম মিতা রুহুল আমিনের জীবনের গল্প। উপর ওয়ালাকে বললাম বন্ধু হওয়া লোকেরা এমনও হয় বা হতে পারে? আর বললাম ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় মিতা মোঃ রুহুল আমিন।

 

লেখক পরিচিতি : মোঃ রুহুল আমিন
গণমাধ্যম ও মানবাধিকারকর্মী এবং শিক্ষক
e-mail address : aminruhul8660@gmail.com
what’s app No : 01853778013