টিকটকে প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: মোঃ নিশাদ আহম্মেদ বিদ্যা

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মামুনকে আটক করে।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, ওই যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর ও অশালীন বক্তব্য ছড়িয়েছেন বলে তারা মনে করেন। এ ঘটনার পেছনে কোনো চক্রান্ত বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।