সোনারগাঁয়ে ট্রলারডুবি: দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

এস এম মিঠু,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ সেগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন—হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছোট ছেলে সামিন হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারডুবির পর আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে আটজনকে উদ্ধার করে। এ সময় একই পরিবারের চারজন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালান। তবে ওই দুই দিন তাদের সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব হোসেন, সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ দেখতে পান উদ্ধারকারীরা। পরে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।’