গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিও তুলে ধরা হবে।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জোটটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।