সাড়ে ৭ বছর পর কারাগার থেকে মুক্তি: মায়ের হাত ধরে প্রথমবার মুক্ত আকাশের নিচে রাথি।
প্রতিনিধি: জীবন দেওয়ান উজ্জ্বল
দীর্ঘ সাড়ে সাত বছরের বন্দিজীবনের অবসান ঘটেছে। নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার ছাত্রী কামরুন নাহার মনি। তাঁর সঙ্গে মুক্ত হয়েছে কারাগারের ভেতর জন্ম নেওয়া ও সেখানেই বেড়ে ওঠা তাঁর কন্যা রাথি।
রাথির জীবনের প্রথম আলো ফুটেছিল কারাগারের চার দেয়ালের ভেতর। জন্মের পর থেকেই মায়ের সঙ্গে সেখানেই কেটেছে তার শৈশবের দীর্ঘ সাড়ে সাত বছর। খোলা আকাশ, মুক্ত বাতাস, মাঠে ছুটে বেড়ানো কিংবা স্বাভাবিক শৈশবের নানা আনন্দ—এসব ছিল তার কাছে অনেকটাই অচেনা।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই রাথি মায়ের হাত ধরে পা রাখল মুক্ত পৃথিবীতে। কারাগারের ফটক পেরিয়ে যখন মুক্ত বাতাস তাকে ছুঁয়ে যায়, তখন হয়তো সে পুরোপুরি বুঝতে পারেনি—তার জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়।
যে শিশুর শৈশব কেটেছে কারাগারের সীমাবদ্ধ পরিবেশে, আজ তার সামনে উন্মুক্ত নীল আকাশ, মুক্ত বাতাস এবং স্বাভাবিক জীবনযাপনের নতুন সুযোগ।
মুক্তির মুহূর্তে মায়ের চোখে ছিল আবেগ ও অশ্রু। আর রাথির চোখে ছিল বাইরের পৃথিবীকে দেখার বিস্ময়। মা-মেয়ের এই মুহূর্ত দীর্ঘ এক অধ্যায়ের পর নতুন জীবনে ফিরে আসার এক আবেগঘন দৃশ্য হয়ে ধরা দেয়।
সাড়ে সাত বছর পর কারাগারের দেয়াল পেরিয়ে রাথির সামনে খুলে গেল মুক্ত আকাশের দুয়ার।