ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে আরও দুই পুলিশ সদস্য পালিয়ে যান। এসময় আঙুল ভাঙে এক কর্মকর্তার।
গ্রেপ্তার হওয়া চার পুলিশ সদস্যকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার দিনগত গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার হাতের আঙুল ভেঙে যায়।
গ্রেপ্তার চারজন হলেন- ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।
অভিযানের সময় পালিয়ে গেছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন- পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।