নবাবগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা মামলায় আসামি গ্রেফতার।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন মালদহ গ্রামে নিখোঁজ মোঃ মফিদুল ইসলাম (৪০)-এর মরদেহ একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মোঃ মাসুদ মিয়া (২৯), পিতা-মোঃ বেলাল উদ্দিন, সাং-মালদহ, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মফিদুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি মালদহ গ্রামের বাসিন্দা এবং মামলার বাদী মোঃ লিটন মিয়ার বড় ভাই। গ্রেফতারকৃত আসামি নিহতের প্রতিবেশী এবং পূর্বপরিচিত ছিলেনঙ
গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২০.৪০ ঘটিকায় মফিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তার নিখোঁজের বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর-২৬৬। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নবাবগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে অনুসন্ধান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৬.৪৫ ঘটিকায় আসামি মাসুদ মিয়ার বাড়ির পূর্ব পাশে সেচ পাম্পের টিনশেড ঘরের নিকট একটি পরিত্যক্ত টয়লেট থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে টয়লেটের স্লাব সরিয়ে মফিদুল ইসলামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস),জনাব মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে নবাবগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ও পরবর্তী তদন্ত শুরু করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ লিটন মিয়া বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করে পুলিশ মোঃ মাসুদ মিয়াকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় মফিদুল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত এবং পরবর্তীতে গলা চেপে ধরে শ্বাসরোধ করার মাধ্যমে তাকে হত্যা করা হয় বলে আসামি স্বীকার করে। পরে মরদেহটি গোপন করার উদ্দেশ্যে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে রেখে স্লাব দিয়ে ঢেকে দেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাঁশের লাঠি এবং নিহত মফিদুল ইসলামের ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়টিও তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য: আসামি মাসুদ তার স্ত্রীকে খুব ভালবাসত কিন্তু অনলাইন জুয়াসহ নানা খারাপ অভ্যাসের কারনে প্রায় ৬ মাস পূর্বে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়,তখন থেকে মাসুদ একাকিত্বে ভুগতে থাকে,রাতবিরাত এখান ওখানে ঘুরে বেড়াত বিপদ থেকে রক্ষা পেতে হাতে লাঠি রাখত ঘটনার সময় আসামি মাসুদ গান শোনার জন্যই মফিদুলের কাছে গিয়েছিল কিন্তু কথোপকথনের একপর্যায়ে ডিসিস্ট মফিদুল আসামী মাসুদের স্ত্রী কে নিয়ে কটু মন্তব্য করলে মাসুদ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।