চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার বহুল পরিচিত ‘গোলঘর’-এর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

একই সঙ্গে থানা কম্পাউন্ডের ভেতরে সব ধরনের দরবার ও শালিস বৈঠক নিষিদ্ধ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিরোধ, সামাজিক সমস্যা ও ছোটখাটো অভিযোগের প্রাথমিক সমাধানে থানার গোলঘরে উভয় পক্ষকে নিয়ে শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছিল।

২০১৮ সালে গোলঘরের নতুন ভবনও নির্মাণ করা হয়।
তবে সম্প্রতি ওসির নির্দেশে গোলঘরসহ পুরো থানা কম্পাউন্ডে সব ধরনের দরবার ও শালিস বন্ধ করে দেওয়া হয়েছে।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মামলা নিষ্পত্তির জন্য আদালত রয়েছে, পুলিশের কাজ দরবার করা নয়। এছাড়া শালিসকে কেন্দ্র করে অনেক সময় হট্টগোল ও উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় থানার স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।

এদিকে, গোলঘরের কার্যক্রম বন্ধ হলেও থানার আশপাশের চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট পক্ষগুলো বৈঠক করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগী হলে সামাজিকভাবে অনেক বিরোধের সমাধান করা সম্ভব।