মাদারীপুরে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২।

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩১ আগস্ট (সোমবার)এক প্রেস রিলিজে পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় জান্নাতুল হুসনার স্বামী শহিদুল ইসলামের তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের বসত ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো একসময় চোরচক্রের সদস্যরা ওই ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় স্বর্ণের গলার হার, টিকলি, আংটি, রুলি, লকেটসহ চেইন, কানের দুল, নাকফুল, ব্রেসলেট এবং রুপার নুপুরসহ বিভিন্ন অলঙ্কার চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. সুজন সরদারকে শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন সরদার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে সুজন সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরাসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হককে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কালকিনি থানায় ৩০ আগস্ট(রবিবার) এফআইআর নম্বর ২৩ ও জিআর নম্বর ১৫৪ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।