ডিমলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

(নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদার, যোগ্য নেতৃত্ব তৈরি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং সাধারণ মানুষের কাছে সরকারি সামাজিক নিরাপত্তা সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “ডোমার-ডিমলা তথা নীলফামারী জেলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের মোকাবিলায় সর্বসম্মতভাবে ‘একক প্রার্থী’ চূড়ান্ত করতে হবে। দলের স্বার্থে সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “ওয়ার্ড পর্যায় থেকে প্রত্যক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন ও যোগ্য নেতৃত্ব তুলে আনা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের সব সামাজিক নিরাপত্তা সুবিধা যেন কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই প্রকৃত সাধারণ ও যোগ্য মানুষ পান, তা নেতা-কর্মীদের নিশ্চিত করতে হবে।

শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নের বিষয়ে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “আধুনিক প্রযুক্তির যুগে আমাদের সন্তানদের এগিয়ে নিতে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ‘আইসিটি ল্যাব’ স্থাপনে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

সভায় স্থানীয় নেতা-কর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।