ভারতীয় নাগরিক হয়েও বাংলাদেশি ভোটার আইডি ব্যবহারের অভিযোগ, কসবায় ‘রনি’র বিরুদ্ধে মাদক ও চোরাচালানের নানা অভিযোগ।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘রনি’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশি ভোটার পরিচয়পত্র ব্যবহার করে চলাফেরার অভিযোগ উঠেছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসছেন।

এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেলসহ মূল্যবান পণ্য ও টাকা নিয়ে মানুষকে জিম্মি করে রাখার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের ধারাবাহিকতায় জুনায়েদ নামের এক ব্যক্তি দাবি করেন, চলতি মাসের ৮ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে কসবা উপজেলার পুরাতন মার্কেটের সামনে থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যান রনি।

জুনায়েদের অভিযোগ, মাদকসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।

পরে মোটরসাইকেলটি জিম্মি করে তার কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন।

জুনায়েদের দাবি, তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী জুনায়েদ কসবা থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

রনির বক্তব্য তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রনি বলেন, জুনায়েদের কাছে তিনি ৩৫ হাজার টাকা পাবেন। জুনায়েদ তার কাছে মোটরসাইকেল জমা রেখে ওই টাকা নিয়েছেন।
তিনি দাবি করেন, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই বর্তমানে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

তবে রনির দাবি প্রত্যাখ্যান করে অভিযোগকারী জুনায়েদ বলেন, “রনি আমার কাছে কোনো টাকা পাবে না।

আমি তার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কথা জানতে পেরেছি বলেই সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার মোটরসাইকেল রেখে সে বলেছে, আমি যদি কাউকে এ বিষয়ে জানাই, তাহলে আমার মোটরসাইকেল ও আমাকে গায়েব করে ফেলবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।