বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৌচাগার ও পরিত্যক্ত ভবনে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী স্তূপ করে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর এবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক।

রোববার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে হাসপাতালের পরিত্যক্ত ভবনে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসব ওষুধ যথাযথ নিয়মে অপসারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্ট তৎকালীন কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরিচালিত একটি বেসরকারি ক্লিনিক বন্ধেরও নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

সরকারি ওষুধের এমন অব্যবস্থাপনা ও সংরক্ষণে গাফিলতির ঘটনায় স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।