টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান মৌজায় ৭৭ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা রাজস্ব প্রশাসন। দখলমুক্ত জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মিজ দিল আফরোজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বানিয়াজান মৌজার খতিয়ান নং-১, দাগ নং-২৫৪৪-এর সরকারি জমি অবৈধভাবে দখল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে সাময়িকভাবে ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।
পরে অভিযান চালিয়ে ৭৭ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত ওই স্থানে ড্রেন নির্মাণের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।