রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ জুলাই আন্দোলনের চেতনাকে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে দেশের কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার শক্তি হিসেবে ধারণ করতে হবে, এটিকে ব্যবসা বা ফায়দা লোটার উপায়ে পরিণত করা উচিত নয়।

শনিবার (৪ জুলাই) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও গণতান্ত্রিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে। তাই এই চেতনাকে দলীয় বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যবসায়িক কিংবা রাজনৈতিক লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করা শুভ ফল বয়ে আনে না। জুলাইয়ের চেতনা জাতির সম্পদ—এটিকে বিভাজনের নয়, বরং ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটিকে আইন অনুযায়ী বিচারের আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।

সম্মেলনে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বর্তমান সরকারের লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক ধারা অটুট রাখতে এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।